রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ভালো ফলনেও লোকসান, ৩–৫ টাকায় লাউ বিক্রি করছেন রাজারহাটের কৃষকরা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

একসময় যে লাউ চাষ করে লাভের মুখ দেখেছিলেন, এবার সেই লাউ বিক্রি করতেই হিমশিম খাচ্ছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষকেরা। গ্রামাঞ্চলের বাজারে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। ১০০টি লাউ বিক্রি করেও মিলছে না এক কেজি গরুর মাংসের দাম। অথচ শহরের খুচরা বাজারে একই লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। উৎপাদন খরচ তো উঠছেই না, অনেক কৃষক লাউ বিক্রি করে পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরিও তুলতে পারছেন না। ফলে লাভের আশায় লাউ চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

সরেজমিনে দেখা গেছে, রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে লাউয়ের চাষ হয়েছে। গাছগুলোতে ঝুলছে অসংখ্য লাউ, ফলনও বেশ ভালো। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকেরা। ক্ষেত থেকে লাউ তুলে বাজারে নেওয়ার খরচটুকুও অনেকের উঠছে না। কচি লাউয়ের কিছুটা দাম পাওয়া গেলেও একটু পরিপক্ব হলেই ক্রেতা মিলছে না। ফলে ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে অনেক লাউ। কেউ পরিচর্যা বন্ধ করে দিয়েছেন, আবার কেউ ক্ষোভে কেটে ফেলছেন লাউয়ের বাগান। পাকা লাউয়ের শেষ আশ্রয় হচ্ছে গবাদিপশুর খাবার।

কৃষকেরা জানান, চড়া দামে জমি ভাড়া নিয়ে লাউ চাষ করেছেন তাঁরা। বীজ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে বিনিয়োগ করতে হয়েছে উল্লেখযোগ্য অর্থ। ভালো ফলন দেখে এবার লাভের প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু বাজারে দাম পড়ে যাওয়ায় সেই প্রত্যাশা এখন হতাশায় রূপ নিয়েছে।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের কৃষক মো. বাবুল মিয়াও পড়েছেন একই সংকটে। গত বছর জমি থেকেই প্রতিটি লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতায় এবার ভালো দাম পাওয়ার আশায় ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। কিন্তু এবার ফলন ভালো হলেও ক্রেতা পাচ্ছেন না তিনি।

মো. বাবুল মিয়া বলেন, “গত বছর যে লাউ বিক্রি করে লাভ পেয়েছি, এবার সেই লাউয়ের দাম নিয়ে বাজারে বসে থাকতে হচ্ছে। লাউ বিক্রি করে পরের আবাদে টাকা তুলব ভেবেছিলাম। এখন নিজের খরচই উঠছে না। এমন অবস্থা যে, ১০০টি লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কিনতে পারছি না।”

একই গ্রামের কৃষক মো. সুরুজ মিয়া বলেন, “আমার পুঁজি সব শেষ। ধারদেনা আছে। সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারছি না। লাউয়ের ফলন ভালো হয়েছে, কিন্তু সেই ফলনই আমার সর্বনাশ করে দিল। আমার কী হবে, জানি না।”

কৃষকেরা জানান, প্রতি একর জমি প্রায় ৪০ হাজার টাকা ভাড়ায় নিয়ে লাউ চাষ করতে হয়েছে। এর সঙ্গে রয়েছে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ। উৎপাদন ব্যয়ের তুলনায় বিক্রয়মূল্য অনেক কম হওয়ায় বর্গাচাষিদের অনেকে ঋণের চাপে পড়েছেন। তাঁদের অনেকের পরিকল্পনা ছিল লাউ বিক্রির অর্থ দিয়ে আগাম আলু চাষ শুরু করার। কিন্তু লোকসানে পুঁজি হারিয়ে এখন সেই পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছেন না।

লাউয়ের দাম কমে যাওয়ার কারণ নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে অবশ্য ভিন্নমত রয়েছে। রাজারহাট বাজারের খুচরা ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, “আগাম লাউ বাজারে আসায় পুরোনো গাছের লাউয়ের চাহিদা কমে গেছে। তাই পুরোনো লাউয়ের দামও কম। তবে আগাম লাউয়ের চাহিদা ও দাম দুটোই বেশি।”

অন্যদিকে, কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন রাজারহাট বাজারের ক্রেতা মো. ইউনুছ আলী। তাঁর দাবি, পাইকারদের কারসাজি ও বাজার তদারকির কার্যকর ব্যবস্থা না থাকায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর মতে, নতুন বা পুরোনো গাছের লাউ বলে আলাদা কিছু নেই। বাজারে পুরোনো গাছের কচি লাউ ও আগাম লাউ একই দামে, অর্থাৎ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু কৃষকেরা সেই দাম পাচ্ছেন না।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর লাউয়ের ভালো দাম পাওয়ায় এবার এ ফসলের আবাদ বেড়েছে। এতে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। ভালো দাম পেতে কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে বাজারে আসা আগাম শীতকালীন লাউয়ের চাহিদা ও দাম তুলনামূলক ভালো বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর