বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং গুণী সাংবাদিক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে ঐতিহাসিক মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহাস্থান মহাসড়কসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রতিষ্ঠানটির ২৮ বছরের গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকেরা সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছেন। সমাজের নানা অসংগতি তুলে ধরা, জনস্বার্থ রক্ষা এবং স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হিরু। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণী সাংবাদিকদের সম্মাননা প্রদান। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তাঁরা হলেন—বাংলাভিশন টেলিভিশনের বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এবং মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার।
এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছয়জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রিপন মিয়া এবং মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুর ইসলাম রানাসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এই বাংলা/এমএস