স্তন ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, স্তন ক্যান্সার প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ বিষয়ে নারীদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে স্তন ক্যান্সার সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে শুরু হয়েছে ‘পিংক অক্টোবর ২০২৬’-এর মাসব্যাপী কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে অক্টোবরজুড়ে এসব কর্মসূচি পরিচালিত হবে।
শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি ‘ক্লিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট’ চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয়ের অংশ হিসেবে গত বছর অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবারও ‘স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
তিনি বলেন, গত বছর সিএসসিআর যেভাবে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে এসেছিল, এ বছরও তারা একইভাবে এগিয়ে এসেছে। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকেও স্তন ক্যান্সার সচেতনতা, রোগ নির্ণয় ও চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
স্তন ক্যান্সার শনাক্তকরণে নারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, অনেক সময় সামাজিক ও পারিবারিক কারণে নারীরা নিজেদের শারীরিক সমস্যার কথা প্রকাশ করতে সংকোচবোধ করেন। এতে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয় না। পরে রোগ জটিল পর্যায়ে পৌঁছালে চিকিৎসাও কঠিন হয়ে পড়ে। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, চিকিৎসক, হাসপাতাল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রামকে একটি ‘স্তন ক্যান্সার সচেতন শহর’ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে একটি গোলাপি আলো জ্বালানোর আহ্বান জানান মেয়র। তিনি বলেন, এই ছোট্ট আলো মা, বোন, স্ত্রী ও কন্যাসহ প্রতিটি নারীর সুস্বাস্থ্য এবং স্তন ক্যান্সার সচেতনতার প্রতি সংহতির প্রতীক হয়ে উঠবে।
মেয়র বলেন, স্তন ক্যান্সার শনাক্তে দেরি হলে চিকিৎসা জটিল হয়ে যেতে পারে এবং মৃত্যুঝুঁকিও বেড়ে যায়। তাই কোনো ধরনের অস্বাভাবিকতা বা উপসর্গ দেখা দিলে সংকোচ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।
স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে প্রতিটি পরিবার থেকেই স্বাস্থ্যসচেতনতার চর্চা শুরু করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
শোভাযাত্রায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আনিসুল হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, সাংবাদিক, নার্স এবং চসিক ও সিএসসিআরের সদস্যরা অংশ নেন।
শোভাযাত্রার শেষ প্রান্তে বিআরটিএর একটি দ্বিতল গোলাপি বাস অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় এই বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে।
সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে নগরের বিভিন্ন এলাকার নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সহায়তা করা হবে।
আয়োজকরা জানান, পুরো অক্টোবরজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, স্ক্রিনিং, চিকিৎসা ও রোগ নির্ণয়সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
এই বাংলা/এমএস