নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার মো. আনোয়ার হোসেন (২২) ও মো. আরমান ইসলাম (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সংবাদকর্মীদের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস