পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. চান মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী হারুন মোল্লা (৪৫) ও মরিয়ম বেগম (৪০) আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল ঢাকা মেট্রো-ন-২০-৪৬৬১ নম্বরের একটি পিকআপ ভ্যান। পথে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৩-১৭৭৬ নম্বরের একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ চালক মো. চান মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় পিকআপে থাকা হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম আহত হন। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার বাহের মৌজা গ্রামের মো. আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তাঁর স্ত্রী মরিয়ম বেগমও একই এলাকার বাসিন্দা।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে ব্রিজের ঢালে জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।
এ সময় পিকআপে থাকা আরও দুজন আহত হন। ট্যাংকলরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস