শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার দুমড়েমুচড়ে নিহত মা-মেয়েসহ ৩

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী থ্রি-হুইলার দুমড়েমুচড়ে গিয়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—স্থানীয় সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাঁদের আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে ছিটকে পড়ে। দুর্ঘটনায় থ্রি-হুইলারের আট যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত মাহমুদা আক্তার, তাঁর মেয়েসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তার ও তাঁর মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা রানী ঠাকুরগাঁওয়ে মারা যান।

দুর্ঘটনায় আহত অন্যরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

আহতদের মধ্যে একজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর