মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিষধর কাল কেউটে সাপের কামড়ে আওলাদ হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে কৃষিকাজের জন্য মাঠে যান আওলাদ হোসেন। কাজ করার সময় হঠাৎ একটি কাল কেউটে সাপ তাঁকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গ্রাম্য ওঝার কাছে নেওয়া হয় এবং ঝাড়ফুঁক করানো হয়। এরপর তিনি এক কাপ চা পান করেন। কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সাপটিকে পরে উদ্ধার করে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে।
আওলাদ হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস