বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত, চালক পলাতক

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত স্বরজিৎ ডাকুয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন স্বরজিৎ ডাকুয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর