বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ দিয়েছে আশা, লক্ষ্যমাত্রা ৩৫০০ কোটি টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিভাগে ১৫৭টি শাখার মাধ্যমে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণসেবা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। ২০২৬-২৭ অর্থবছরে বিভাগটিতে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরের স্টেশন রোডের দি এলিনা হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় আশার ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি।

আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এম এম নফিজ মাহমুদের সভাপতিত্বে সভায় সংস্থাটির কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম। এ সময় ডিএম, এআরএম, এএইচ ও বিএমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চট্টগ্রাম বিভাগে আশার ১৫৭টি শাখার মাধ্যমে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণসেবা দেওয়া হচ্ছে। এসব সদস্যের কাছে ঋণের স্থিতির পরিমাণ ১ হাজার ৩৫৩ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভাগের ৫৩টি কেন্দ্রে ১৫ হাজার ২০২ জন শিক্ষার্থী নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, ২০২৫ সালে আশার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ৩১ হাজার ৪১১ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। একই বছরে দুটি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬ হাজার ৯২১ জন রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। এসব সেবার মধ্যে অপারেশনবিহীন হাড়-জোড়ার ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস ও ডিস্ক প্রোলাপসের চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল।

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ২০২৫ সালে ৩১২ জন সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে ৪ লাখ ৬২ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৫৮ জন সদস্যের মৃত্যুদাবি বাবদ ৩ কোটি ৭০ লাখ টাকা এবং ৫১ জন সদস্যকে এককালীন অবসর ভাতা হিসেবে ৭ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়।

এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে সংস্থাটি। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে পাঁচজনকে শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রমের আওতায় ২০২৫ সালে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, সরকারি বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতেও আশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর