বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে সাংবাদিককে মারধরের নির্দেশ ও সার ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধরের নির্দেশ দেওয়া এবং সার ব্যবসায়ীকে দোকান বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) ইব্রাহীমের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ কৃষক ও স্থানীয় বাসিন্দাদের হাতে অবরুদ্ধ হন তিনি। পরে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামতলী বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জামতলী বাজারের একটি সার দোকানে গিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইউসুফ আলীকে মারধরের নির্দেশ দেন বিএস ইব্রাহীম। তাঁকে মারধর করা না হলে ২৪ ঘণ্টার মধ্যে সারের দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন সার ব্যবসায়ী জহিরুল ইসলাম।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় বিএস ইব্রাহীম জামতলী বাজারে এলে বিক্ষুব্ধ লোকজন তাঁকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ও স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন।

পরে স্থানীয়দের সঙ্গে আলোচনার একপর্যায়ে বিএস ইব্রাহীম নিজের আচরণের জন্য পুনরায় ক্ষমা চান। ভবিষ্যতে কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবেন না বলে লিখিত মুচলেকাও দেন তিনি।

এদিকে, একই কর্মকর্তার বিরুদ্ধে বারবার বিতর্কিত আচরণের অভিযোগ ওঠায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আগামী এক সপ্তাহের মধ্যে বিএস ইব্রাহীমকে ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে। ওই দিন শতগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় ‘ঝাড়বাড়ী নিউজ’-এর পরিচালক জাকির হোসেনের ওপর মোটরসাইকেল তুলে দেওয়ার অভিযোগ ওঠে বিএস ইব্রাহীমের বিরুদ্ধে। ওই ঘটনাতেও স্থানীয়দের তোপের মুখে পড়ে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান বলে জানা গেছে।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সাংবাদিককে মারধরের নির্দেশ ও সার ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে আবারও আলোচনায় এসেছেন ওই কৃষি কর্মকর্তা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর