বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বরিশালে ইঞ্জিন চালু করতেই ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন, অর্ধডুবি আরও দুই জাহাজ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বিশাল ক্রেন (বুম) ভেঙে নদীতে পড়ে গেছে। ভেঙে পড়া ক্রেনটি পাশে নোঙর করা সংস্থাটির আরও দুটি জাহাজের ওপর আছড়ে পড়লে জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অর্ধডুবি অবস্থায় রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নৌবন্দরের দক্ষিণ পাশে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় জাহাজটির অপারেটর অচেতন হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশাল নৌবন্দরের নির্ধারিত স্থানে নোঙর করা ছিল। জাহাজটির ২৫০ মেট্রিক টন ওজনের নৌযান উদ্ধারের সক্ষমতা রয়েছে। এর বুমের সামনের অংশও প্রায় সমপরিমাণ ওজন বহনে সক্ষম। গুরুত্বপূর্ণ এই অংশটি ভেঙে পড়ায় পুরো জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাহাজটির ডুবুরি মো. মিন্টু জানান, বুম পরিষ্কার করার প্রস্তুতি হিসেবে সেটির ওপর ওঠার সুবিধার্থে ইঞ্জিন চালু করে বুমটি উঁচু করার চেষ্টা করা হচ্ছিল। এ সময় হঠাৎ ইঞ্জিন অকার্যকর হয়ে যায়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে বিকট শব্দে বুমটি ভেঙে নিচে পড়ে যায়। পরে সেটি পাশের দুটি নোঙর করা জাহাজের ওপর আছড়ে পড়ে।

জাহাজটির মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, প্রতি সপ্তাহে বুম পরিষ্কার করা হয়। এটি সচল রাখতে প্রতিদিন একবার পরীক্ষামূলকভাবে ইঞ্জিন চালু করা হয়। বুধবার সকালে পরিষ্কারের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটির কমান্ডার ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভেঙে পড়া বুম উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।

এ ঘটনায় বরিশাল নৌবন্দরে উদ্ধারকারী জাহাজের নিরাপত্তা ও কারিগরি ত্রুটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর