বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দৌলতপুরে সড়ক থেকে ধানের খড় অপসারণ, জনদুর্ভোগ লাঘবে ইউএনওর উদ্যোগ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপরী এলাকায় সড়কে ধান কাটার পর গরুর খাদ্য হিসেবে সংরক্ষণের জন্য রাখা খড় শুকানোর কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। জনস্বার্থে সড়ক থেকে এসব খড় অপসারণে উদ্যোগ নিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।

বুধবার (১১ নভেম্বর) তিনি সরেজমিনে টেপরী এলাকায় গিয়ে সড়কে শুকাতে দেওয়া খড় অপসারণের ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে রাস্তায় খড় ও গোবর শুকানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এ বিষয়ে জনসচেতনতামূলক পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা জনসাধারণকে সড়কে খড় ও গোবর শুকানোর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। জনস্বার্থে সড়ক দখল করে এ ধরনের কাজ না করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এদিকে, একই দিন তিনি উপজেলার কলিয়া বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা, বৈধ পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে কি না, সেসব বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ভোক্তারা যেন ন্যায্যমূল্যে মানসম্মত ও নিরাপদ পণ্য ক্রয় করতে পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জনস্বার্থ রক্ষা, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং বাজারে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর