জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ৮০ বোতল মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বকশীগঞ্জ থানাধীন মৃধাপাড়া থেকে লাউচাপড়াগামী পাকা সড়কের ডুমুরতলা এলাকায় মনু মিয়ার মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের শ্রীবরদী থানার কর্ণঝোড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে উমর আলী (২৩), চুকচুকি গ্রামের ফকির বাদশার ছেলে মো. লাজু মিয়া (২৬) এবং কর্ণঝোড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বিজয় মিয়া (১৭)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিজয়কে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মো. মোস্তাফিজুর রহমান, এএসআই দিদারুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মদের মধ্যে আইকনিক হোয়াইট হুইস্কি, রয়্যাল স্ট্যাগ হুইস্কি ও আইস ভদকা রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, মাদক ও অস্ত্রের কারবারিদের জামালপুরে কোনো স্থান নেই। চোরাচালান চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও চোরাচালানমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বাংলা/এমএস