পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ১২০ ফুট উচ্চতার সনাতন পদ্ধতির ‘ফরাজি ব্রিক্স’ নামের একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার রাজাবাড়ি এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ইটভাটাটির ১২০ ফুট চিমনি ভেঙে ফেলা হয় এবং এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশের সদস্য এবং জেলা আনসার দলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এই বাংলা/এমএস