বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইউরোপে পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাৎ, মানব পাচার মামলায় গ্রেপ্তার নাঈম মীর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানব পাচার ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাঈম মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাঈম মীর নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতি পাড়া গ্রামের বাসিন্দা। তিনি লিটু মীরের ছেলে।

ভুক্তভোগীদের অভিযোগ, নাঈম প্রথমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাঁদের আস্থা অর্জন করতেন। পরে ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মধ্যবিত্ত ও অসহায় পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার পর অনেককেই প্রতিশ্রুত গন্তব্যে পাঠাতে পারেননি তিনি। একপর্যায়ে টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চবিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে সড়কের পাশে একটি এজেন্সি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে অর্থ সংগ্রহ করতেন নাঈম। তাঁর প্রলোভনে পড়ে অনেকেই বাড়িঘর বিক্রি করেছেন, এনজিও থেকে ঋণ নিয়েছেন, পরিবারের স্বর্ণালংকার বিক্রি করেছেন। কেউ কেউ আবার সুদে টাকা ধার করে বিদেশ যাওয়ার আশায় তাঁকে অর্থ দিয়েছেন। তবে দীর্ঘদিন অপেক্ষার পরও বিদেশে যেতে না পেরে সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, নাঈমের প্রতারণার শিকার হয়ে অনেকেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত ১০ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় প্রতারণার শিকার পরিবারগুলো তাঁদের পাওনা টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর