শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক হত্যা: হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক সিহাব রানা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় সিহাব রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার লস্করহাটী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে মো. হাবিবুল বাসার শিমুল; একই গ্রামের ইব্রাহিম আলীর স্ত্রী মোছা. জোহুরা বেগম; চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে মো. সুজন এবং একই থানার বাগানপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আ. হালিম।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় নিহত সিহাব রানার বাবা মো. সোহেল রানা বাদী হয়ে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর