রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে সিঁদেল চুরির অভিযোগে আটক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় সিঁদ কেটে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক নাজমুল হক বিশারু (৬৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন। স্থানীয়দের মারধরের পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোর ৪টার দিকে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া লস্করপাড়ায় জ্যোতিষ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীযাদুর প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘বিশারু চোর’ নামে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জ্যোতিষ চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা করেন নাজমুল হক। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়ে তাঁকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে নতুন চাকলাহাট এলাকার খারুয়া ব্রিজসংলগ্ন আশরাফ নামের আরও একজন জড়িত থাকার কথা জানা যায় বলে স্থানীয় সূত্রের দাবি।

স্থানীয়দের অভিযোগ, ওই চক্র রাতের আঁধারে সিঁদ কেটে কিংবা তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, গরু-ছাগল ও মোটরসাইকেলসহ মূল্যবান সামগ্রী চুরি করত।

আটকের পর উত্তেজিত জনতা নাজমুলকে হাত-পা বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর