রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহে সাংবাদিকের ওপর হামলা, ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর ডিলারশিপ বাতিল এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আইয়ুব মুন্সী। এ ছাড়া নগরকান্দা প্রেসক্লাব ও নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

সাংবাদিকদের অভিযোগ, গত ১০ নভেম্বর উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও নজরুল শেখ। এ সময় ডিলার লিয়াকত আলী সরদার টিটোর পক্ষ থেকে তাঁরা লাঞ্ছনা ও হামলার শিকার হন।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া নগরকান্দা থানায় মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। খাদ্যবান্ধব কর্মসূচির মতো জনকল্যাণমূলক কার্যক্রমে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি ও হামলার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা আরও বলেন, চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। পাশাপাশি অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর