রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে ৪ হাজার ৮০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শনিবার রাতে কলমেশ্বর আক্কাস বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশনায় শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাছা থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন কলমেশ্বর আক্কাস বাজার এলাকার ফরমান আলীর বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় বাসাটি থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই বাসা থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আলী হোসেন ওরফে রজব (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগম (৩৮)। তাঁরা দুজনই কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাজিরা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর আক্কাস বাজার এলাকায় ফরমান আলীর বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার দুজন স্বামী-স্ত্রী। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংরক্ষণ ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার করা ইয়াবার উৎস, সরবরাহকারী এবং এ কারবারে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জিএমপি জানিয়েছে, মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর