বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন কর্মচারী। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-০৯, সিলেটের সদস্যরা সহযোগিতা করেন। পরে তাঁকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। এ সময় আসামির স্ত্রী পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। আসামি ও ভুক্তভোগী শিশুর পরিবার একই ভবনে বসবাস করত।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত ইয়ার মোহাম্মদ সমির। এরপর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে সিলেটে অভিযান চালানো হয়।
ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তাঁর বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘ অনুসন্ধান ও অভিযানের পর মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
এই বাংলা/এমএস