রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

হাজিরায় উপস্থিত, বিদ্যালয়ে অনুপস্থিত— ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ক্লাস না করিয়ে বেতন-ভাতা তোলার অভিযোগ 

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈদুল ইসলাম তাঁর মামা।

এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও এক শিক্ষার্থীর অভিভাবক মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর বিদ্যালয়টি পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাজ্জাদ হোসেন। এ সময় তিনি নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পান। পরে বিদ্যালয়ের হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের শুরুর দিকে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এরপর তাঁকে এলাকায়ও দেখা যায়নি।

অভিযোগকারীদের দাবি, নজরুল ইসলাম বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখানো হচ্ছে এবং তিনি বেতন-ভাতা উত্তোলন করছেন। এ কাজে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম সহযোগিতা করছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ ছয়জন কর্মরত রয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাঁকে আর দেখা যাচ্ছে না।

অভিযোগকারী মো. শাহ আলম বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নজরুল ইসলাম বেতন-ভাতা তুলছেন বলে তাঁরা জানতে পেরেছেন। প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় তাঁর উপস্থিতি দেখানো হচ্ছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া সম্ভব হয়নি।

তবে প্রধান শিক্ষক মো. মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। ছুটিতে থাকায় তাঁর ছুটির আবেদনের কপিও রয়েছে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া গেছে। বিদ্যালয় থেকে হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর