রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

৯০০ কোটি টাকার বালু গবেষণা প্রকল্পে অনিশ্চয়তা, জেলা প্রশাসনের নামে নেতিবাচক মতামত নিয়ে বিতর্ক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বালুতে থাকা মূল্যবান খনিজ সম্পদ নিয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে জেলায় প্রস্তাবিত ‘বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনা থাকলেও নথিগত জটিলতা ও পরস্পরবিরোধী বক্তব্যে প্রকল্পটির অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি নতুন শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণীতে জেলা প্রশাসনের নেতিবাচক মতামতের উল্লেখ থাকলেও জেলা প্রশাসন এমন কোনো প্রতিবেদন পাঠানোর কথা অস্বীকার করেছে। দুই পক্ষের এই ভিন্ন অবস্থানে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুতে থাকা মূল্যবান খনিজ সম্পদ কাজে লাগানো গেলে দেশে নতুন শিল্পের বিকাশ ঘটতে পারে। এতে কুড়িগ্রামের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্প থেকে সম্ভাব্য কর্মসংস্থান ও রাজস্ব আয়ের যে হিসাব তুলে ধরা হচ্ছে, সেগুলো এখনো প্রাক্কলিত; বাস্তবে অর্জিত কোনো ফল নয়।

মন্ত্রণালয়ের নথি ঘিরে প্রশ্ন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীর ১০ নম্বর আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না বলে অভিমত দেওয়া হয়েছে।

তবে কুড়িগ্রাম জেলা প্রশাসন বলছে, এ ধরনের কোনো নেতিবাচক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ মার্চ কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা জমি অধিগ্রহণের সম্ভাব্যতা নিয়ে ইতিবাচক তথ্য-উপাত্ত ও নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন।

এ অবস্থায় মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে জেলা প্রশাসনের নামে এমন অভিমত কীভাবে যুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নথি ও প্রতিবেদন যাচাই করে এ অসংগতির কারণ নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রহ্মপুত্র-যমুনার বালুতে মূল্যবান খনিজের সম্ভাবনা

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) গবেষণায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুতে বিভিন্ন মূল্যবান খনিজের উপস্থিতির তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষণাসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হিমালয় অববাহিকা থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বালু নদীপথে বাংলাদেশে আসে।

এসব বালুতে গারনেট, কোয়ার্টজ, ম্যাগনেটাইট, জিরকন, ইলমেনাইট ও রুটাইলের মতো খনিজ রয়েছে। শিল্পকারখানায় এসব খনিজের ব্যবহার রয়েছে। বিশেষ করে টাইটানিয়াম ও জিরকোনিয়ামভিত্তিক শিল্প, সিরামিক, রং, প্লাস্টিকসহ বিভিন্ন প্রযুক্তি ও উৎপাদন খাতে এগুলোর চাহিদা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দেশে এসব খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা গড়ে তোলা গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নতুন শিল্প স্থাপনের সুযোগ তৈরি হতে পারে।

৫০ বছরের মহাপরিকল্পনার প্রস্তাব

জানা গেছে, গত ১১ জুন জিএসবিতে প্রকল্পটি নিয়ে একটি নীতিনির্ধারণী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছরের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, চিলমারী উপজেলায় ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০ একর জমিতে মূল গবেষণা কেন্দ্র স্থাপনের কথা রয়েছে।

এ ছাড়া বিরল মৃত্তিকা উপাদান (রেয়ার আর্থ এলিমেন্টস) নিয়ে গবেষণার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, স্কাডা, স্মার্ট মাইনিং ও জিওলজিক্যাল বিগ ডাটা সেন্টার স্থাপনের প্রস্তাবও রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তর জমি জরিপ ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, তিনি যোগদানের আগে বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। তবে ১৯ জুলাইয়ের সভায় জেলা প্রশাসনের নামে যে নেতিবাচক অভিমতের কথা উল্লেখ করা হয়েছে, সে ধরনের কোনো প্রতিবেদন জেলা প্রশাসন থেকে পাঠানো হয়নি।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের আর্থসামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে।

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, জমির সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই করে প্রতিবেদন অনেক আগেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) ড. মো. সোহেল রানা বলেন, বালু থেকে হেভি ও লাইট মিনারেল পৃথক করা সম্ভব হলে আমদানিনির্ভরতা কমবে। পাশাপাশি দেশে টাইটানিয়াম ও জিরকোনিয়ামভিত্তিক শিল্প গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম বেবু বলেন, প্রকল্পের কাজ শুরুর আগেই লাভ-ক্ষতির বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মো. আসাদুল হাবিব দুলু বলেন, মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের বিষয়টি তাঁর জানা নেই। তবে বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা তথ্যের বিভ্রান্তি থাকলে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, নথির অসংগতি নিরসন এবং অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাব্যতা স্বচ্ছভাবে যাচাই করা জরুরি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর