পাহাড়, বনাঞ্চল ও দুর্গম পথঘেরা মৌলভীবাজারের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তজুড়ে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। গত দুই থেকে তিন সপ্তাহে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে প্রবেশের একাধিক চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা প্রায় ৭০ থেকে ৭৫ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সীমান্তের ভৌগোলিক অবস্থান ও দুর্গমতার বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকা, বনাঞ্চল এবং জনবসতিহীন সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিয়মিত সীমান্ত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি।
সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সীমান্ত সংশ্লিষ্টদের মতে, দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু বিজিবির টহল নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জনগণের সহযোগিতার সমন্বয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে সীমান্তজুড়ে সতর্ক নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস