একসময় তাঁর পরিচয় ছিল একজন সাধারণ গৃহিণী। সংসারের দৈনন্দিন দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সামর্থ্য ও উদ্যোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন থেকেই কৃষিকাজে যুক্ত হওয়া।
ধীরে ধীরে গড়ে তোলেন নিজস্ব কৃষি উদ্যোগ ‘টপ গ্রীণ এগ্রো’। বর্তমানে প্রায় ৫ থেকে ৬ বিঘা জমিতে বিভিন্ন জাতের শাকসবজি ও মৌসুমি ফসল চাষ করছেন নাজমা বেগম। উৎপাদিত কৃষিপণ্য সরবরাহ করা হচ্ছে স্থানীয় হাট-বাজারে। পাশাপাশি বিভিন্ন মৌসুমে নারী ও পুরুষের অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে তাঁর এই উদ্যোগে।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামের বাসিন্দা নাজমা বেগম। গৃহিণী হিসেবে সংসার সামলানোর পাশাপাশি কৃষিকে পেশাগত উদ্যোগে রূপ দিয়েছেন তিনি। তাঁর পরিচালিত ‘টপ গ্রীণ এগ্রো’তে লাউ, শসা, টমেটো, পেঁপে, সরিষা, বেগুনসহ বিভিন্ন ধরনের শাকসবজি ও মৌসুমি ফসল চাষ করা হচ্ছে।
নাজমা বেগমের কৃষি উদ্যোগের উল্লেখযোগ্য দিক হলো উৎপাদন কার্যক্রমে স্থানীয় শ্রমজীবী মানুষের সম্পৃক্ততা। প্রায় ৫ থেকে ৬ বিঘা জমিতে বিভিন্ন মৌসুমে চাষাবাদ পরিচালনার জন্য নারী ও পুরুষ শ্রমিকের প্রয়োজন হয়। এতে মৌসুমি ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। উৎপাদিত পণ্য স্থানীয় হাট-বাজারে সরবরাহের মাধ্যমে স্থানীয় কৃষিপণ্যের বাজারব্যবস্থার সঙ্গেও যুক্ত রয়েছে ‘টপ গ্রীণ এগ্রো’।
নাজমার পরিকল্পনা, কৃষি উদ্যোগকে আরও সম্প্রসারণ করে স্থানীয় বাজারের পাশাপাশি বৃহত্তর পরিসরেও কৃষিপণ্য সরবরাহ করা। দেশের মানুষের দৈনন্দিন খাদ্যচাহিদা পূরণে প্রয়োজনীয় শাকসবজি ও কৃষিপণ্যের জোগানে অবদান রাখতে প্রতিষ্ঠানটিকে একটি সুসংগঠিত কৃষি উদ্যোগ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তবে এ পথচলায় কৃষি প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তিগত পরামর্শ ও সরকারি প্রণোদনাকে গুরুত্বপূর্ণ মনে করেন নাজমা। তাঁর মতে, পরিকল্পিত সহায়তা পেলে গ্রামীণ পর্যায়ে নারী উদ্যোক্তাদের কৃষি উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আরও বাড়ানো সম্ভব।
নাজমা বেগম বলেন, “কৃষিকাজের মাধ্যমে নিজের পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। আমার এই উদ্যোগের সঙ্গে বিভিন্ন মৌসুমে নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আমি চাই, আরও বেশি নারী কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের পায়ে দাঁড়াক।”
তিনি আরও জানান, ‘টপ গ্রীণ এগ্রো’র কার্যক্রম সম্প্রসারণ করে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহে অবদান রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য।
গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কৃষিতে নারীর অংশগ্রহণও বাড়ছে। নাজমা বেগমের ‘টপ গ্রীণ এগ্রো’ উদ্যোগে কৃষি উৎপাদন, স্থানীয় বাজারে পণ্য সরবরাহ এবং মৌসুমি কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো একজন নারী কৃষি উদ্যোক্তার উদ্যোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরে।
এই বাংলা/এমএস