মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় যৌথ অভিযানে গুড়ে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
রোববার (১৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাদ্যস্থাপনা, রেস্তোরাঁ ও মিষ্টির দোকান পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনটি প্রতিষ্ঠানের গুড়ে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত হয়। এ কারণে প্রতিষ্ঠানগুলোকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘ইমন পোল্ট্রি’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, “খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার এবং ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ভ্রাম্যমাণ গবেষণাগারটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি খাদ্যের নমুনা পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বাজারে নিয়মিত নজরদারির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এই বাংলা/এমএস