সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে মো. নাসির উদ্দীন সরকার নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ও সরঞ্জাম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দীন সরকার ওই গ্রামের আফু সরকারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।

সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমকে সামনে রেখে বাঘার ঐতিহ্যবাহী গুড়ের বাজারকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল গুড় তৈরি করে আসছিল। অভিযোগ অনুযায়ী, নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে কারখানা স্থাপন করে প্রকৃত খেজুর বা আখের রসের পরিবর্তে চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ, ডালডা, আটা এবং কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ওই কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়ার পর ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ভেজাল গুড়, রাসায়নিক উপকরণ ও সরঞ্জাম বিনষ্ট করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর