খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার সমাপ্তি হয়েছে। বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভক্তদের ব্যাপক উপস্থিতিতে দুই দিনব্যাপী এ পূজা উদযাপিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের নিজস্ব ভূমিতে বিদ্যানিকেতনের উদ্যোগে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিদ্যানিকেতনের আয়োজনে বর্ণিল আলোকসজ্জা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ পূজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
জগদ্ধাত্রী পূজা দেবী দুর্গার আরেকটি রূপের আরাধনা হিসেবে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীরা কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এ পূজা পালন করেন। প্রচলিত রীতি অনুযায়ী একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুর্গাপূজার পর সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ এ ধর্মীয় উৎসবে অংশ নেন।
পূজা উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেবী জগদ্ধাত্রীর পূজা, গীতাপাঠ, আরতি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
১৮ নভেম্বর রাতে পূজামণ্ডপে আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া চট্টগ্রামের শিল্পী অলোক দেবনাথ ডমরু বাদন ও শিবতাণ্ডব পরিবেশন করেন।
এদিকে পূজাকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় দশমী পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে মহাশোভাযাত্রাসহকারে প্রতিমা নিয়ে যাওয়া হয় চেঙ্গী নদীতে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এই বাংলা/এমএস