শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নারী-পুরুষের সমতা ও মর্যাদার বার্তায় বেড়ায় আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘ভবিষ্যৎ সবার: নারী-পুরুষের সমতা, মর্যাদা ও সম্মিলিত অগ্রযাত্রায় পুরুষের ইতিবাচক ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলায় আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর ARC Initiative-এর আওতায় Global Fund for Children (GFC)-এর সহযোগিতায় কমিউনিটি লেড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পেঁচাকোলা কমিউনিটি ইয়ুথ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেডের প্রকল্প সমন্বয়ক মো. আশিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন যুব প্রতিনিধি তামিম হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম মোল্লা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চাঁদ আলী। এ ছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য, কমিউনিটি নেতা, যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় ইতিবাচক পুরুষত্ব, নারী-পুরুষের সমতা, পারিবারিক দায়িত্বের সুষম বণ্টন এবং পরিবার ও সমাজে পুরুষ ও ছেলেদের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের সমান মর্যাদা, অধিকার ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে পুরুষদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, নারীর প্রতি সম্মান প্রদর্শন, পারিবারিক দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণ এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, পুরুষত্ব মানে আধিপত্য বিস্তার নয়; বরং দায়িত্বশীলতা, সহমর্মিতা, সম্মানবোধ ও মানবিক আচরণের মাধ্যমেই ইতিবাচক পুরুষত্বের পরিচয় ফুটে ওঠে। পরিবার ও সমাজে শান্তি, সম্প্রীতি এবং সমতা প্রতিষ্ঠায় নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, সমান মর্যাদা ও দায়িত্বশীল অংশগ্রহণের ভিত্তিতে সচেতন, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর