ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এরই মধ্যে জেলা কার্যালয়ের চত্বরে বেগুন চাষের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে মতানৈক্য, তর্ক-বিতর্ক ও হতাশা বাড়ছে। কয়েকজন সদস্যের অভিযোগ, বর্তমান কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে নির্বাচন ও নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধের কারণে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী জেলা কার্যালয়ের চত্বরে বেগুনের চাষ করা হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) একটি বৃহৎ পেশাজীবী সংগঠন। প্রায় আট লাখ সদস্যের এ সংগঠনের দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কার্যালয় রয়েছে। সাংগঠনিক জেলা ও অন্যান্য শাখাসহ সারা দেশে ৭১টি জেলা এবং প্রায় ১১৭টি সাংগঠনিক ইউনিট নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।
রাজশাহী জেলা কার্যালয়টি নগরীর সিটি বাইপাস সড়কের কাজী নজরুল ইসলাম সরণিতে, টুলটুলীপাড়া আইডিইবি মোড়ে অবস্থিত। জানা গেছে, সাবেক মেয়র ও বর্তমান সংসদ সদস্য এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আনুকূল্যে জমিটি সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছিল
সংগঠনের কয়েকজন সদস্যের অভিযোগ, ৫ আগস্টের পর অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে। তাঁদের দাবি, কমিটির অধিকাংশ সদস্যের পেশাগত সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, পেশাজীবী সংগঠনে অপেশাদার ব্যক্তিদের প্রাধান্য থাকলে প্রকৃত পেশাজীবীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হন।
তাঁরা আরও অভিযোগ করেন, উপসহকারী প্রকৌশলী পদে স্নাতক প্রকৌশলীদের নিয়োগের বিষয়টি ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির বাজার সংকুচিত করছে। এ পরিস্থিতিতে সংগঠনের কার্যকর ভূমিকা প্রয়োজন হলেও অভ্যন্তরীণ বিরোধের কারণে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
একসময় এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় মানুষ কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। তবে বর্তমানে কার্যালয়ের মাঠে বেগুন চাষের দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এটি কি কৃষি প্রদর্শনী কেন্দ্র, নাকি প্রকৌশলীদের পেশাজীবী সংগঠনের কার্যালয়? এ পরিস্থিতির অবসানে সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
কার্যালয় চত্বরে বেগুন চাষ এবং সংগঠনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল নেতা বলেন, ৫ আগস্টের পর আগের কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়লে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। কিন্তু ভোটার তালিকা সরবরাহ করতে না পারায় নির্বাচন স্থগিত হয়ে যায়।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটি বর্তমান কমিটিকে অনুমোদন দিয়েছে। তবে শিগগিরই এ কমিটি ভেঙে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
জমি চাষাবাদের বিষয়ে ওই নেতা বলেন, জমিটি বরাদ্দ পাওয়ার পর থেকেই স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্নভাবে তা দখলের চেষ্টা করছেন। ইতোমধ্যে জমির কিছু অংশ স্থানীয়দের দখলে রয়েছে। এ কারণে কার্যালয়সংলগ্ন জায়গা পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য রাখতে চাষাবাদ করা হচ্ছে। জায়গাটি খালি পড়ে থাকলে ঘাস ও জঙ্গলে ভরে যায়। পরে সেগুলো পরিষ্কার করতে সংগঠনের আর্থিক ক্ষতি হয়।
এদিকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রসঙ্গে সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, ৮ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত তারিখ থাকলেও বিভিন্ন কারণে এবার তারিখ পরিবর্তন করতে হয়েছে। কেন্দ্রীয় কমিটি ২১ নভেম্বরের আগে সময় দিতে না পারায় এবার ওই দিন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস