গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুরের পাশাপাশি কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজনের দাবি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং একটি দোকানে ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস