বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাজনগরে অটোরিকশাচালক হত্যা মামলায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশাচালক হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় ১৮ বছর ধরে চলা আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে রাজনগর থানার পাঠানটুলা গ্রামের মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলাটির নম্বর দায়রা মামলা-২৬৯/০৯। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পুলিশি তদন্ত ও আইনি কার্যক্রম শেষে মামলায় মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার বিচারিক কার্যক্রম শেষে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুরুদ্দিন এবং পলাতক আরও দুই আসামিসহ মোট ছয়জন। বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলোর বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ধরনের রায়ের মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। সব অপরাধীকেই বিচারের আওতায় আসতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের রায়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর