নাটোরের নলডাঙ্গায় বসতবাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যাংকের চেক বই, জাতীয় পরিচয়পত্র ও জমির দলিলপত্রসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকোল বটতলা গ্রামের মোছা. মরিয়ম বেগমের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মরিয়ম বেগম বাড়ির গ্রিলের গেটে তালা দিয়ে নিজেদের শয়নকক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, শয়নকক্ষের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
অভিযোগে বলা হয়, অজ্ঞাত চোরেরা বাড়ির পশ্চিম পাশের একটি ফাঁকা কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে মরিয়ম বেগমের শয়নকক্ষে ঢুকে ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৭ আনা ওজনের একটি স্বর্ণের মালা, তাঁর জাতীয় পরিচয়পত্র, রূপালী ব্যাংকের একটি চেক বই এবং জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
এরপর চোরেরা তাঁর ছোট বোন মোছা. ফেরদৌসি বেগমের শয়নকক্ষের তালা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রয়ার ভেঙে নগদ ৯ লাখ টাকা, ১৩ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, ছোট বোনের স্বামীর জাতীয় পরিচয়পত্র, অগ্রণী ব্যাংকের চেক বই এবং ছোট বোনের ইসলামী ব্যাংকের চেক বই নিয়ে যায়।
এ ছাড়া ছোট বোনের স্বামীর বিদেশ থেকে নিয়ে আসা একটি লাগেজ বাড়ির উত্তর পাশে ফেলে রেখে যায় চোরেরা। সব মিলিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মরিয়ম বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাক্ষী হিসেবে মো. জামাল প্রধান, মো. কবির প্রধান ও মো. জাহিদুল ইসলাম রাব্বির নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই বাংলা/এমএস