মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ৪০ প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

‘মানুষের সঙ্গে, মানবতার সঙ্গে’—এই স্লোগানকে সামনে রেখে ‘আঙিনায় সবজি চাষ’ প্রকল্পের আওতায় পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের ৪০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার সহসভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক শ. ম. দেলোয়ার হোসেন দিলীপ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, ইউনিয়ন কৃষি সুপারভাইজার সানিয়া আক্তার, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম তালুকদার, সংস্থার সাবেক সম্পাদক নুর হোসেন প্যাদা ও কোষাধ্যক্ষ মারুফা মনি।

অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের পক্ষে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ ফকির, হারুন হাওলাদার ও মাহমুদা বেগম।

পরে ইউনিয়নের ৪০ জন ক্ষুদ্র কৃষক-কৃষাণীর প্রত্যেককে সাত ধরনের সবজি বীজ এবং বীজের রক্ষণাবেক্ষণ ও চাষাবাদের কাজে সহায়তার জন্য ৫০০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। প্রধান অতিথি মো. আবুল হাশেমসহ অতিথিরা তাঁদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর