ময়মনসিংহে জেলার বাস মালিক, রিসোর্ট ও আবাসিক হোটেল মালিকদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট খাতের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বাস মালিকদের পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, চালক ও হেলপারদের লাইসেন্স এবং আচরণবিধি মেনে চলা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে রিসোর্ট ও আবাসিক হোটেল মালিকদের অতিথিদের জাতীয় পরিচয়পত্র যাচাই, রেজিস্টার সংরক্ষণ ও সিসিটিভি সচল রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রমের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর কথা বলা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি বাস, রিসোর্ট ও হোটেল মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়ম না মানলে ছাড় দেওয়া হবে না। নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন বাস মালিক সমিতি, রিসোর্ট ও হোটেল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস