প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু।
ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আয়োজক সূত্রে জানা যায়, ষোলনল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য এবং সাধারণ মানুষের কল্যাণে এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস