সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তাড়াশে মামলা ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, ঘটনার সময় আসামিদের অবস্থান নিয়ে প্রশ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আদালতে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ উঠেছে। তালম ইউনিয়নের মানিকচাপড় গ্রামের মৃত নবাব আলীর ছেলে মকবুল হোসেনের দায়ের করা মামলায় উল্লেখিত ঘটনার সময় অভিযুক্তদের কয়েকজনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার তাড়াশ থানা আমলি আদালতে ১০৭/১১৭ ধারায় একটি মামলা দায়ের করেন মকবুল হোসেন। মামলায় তিনি উল্লেখ করেন, ২ নভেম্বর, সোমবার বিকেল ৪টার দিকে ১ নম্বর আসামি শহিদুল ইসলাম, ২ নম্বর আসামি, ৩ নম্বর আসামি চেন্টু মিয়া, ৪ নম্বর আসামি গুল মাহমুদ এবং ৫ নম্বর আসামি বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের মমিন তাঁর বাড়িতে গিয়ে পূর্বের ৪০৬/৪২০/১০৯ ধারার মামলাটি তুলে নিতে প্রাণনাশের হুমকি দেন।

তবে মামলায় উল্লেখিত ঘটনার সময় অভিযুক্তদের কয়েকজনের অবস্থান নিয়ে ভিন্ন তথ্য রয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

মামলার ৫ নম্বর আসামি আব্দুল মমিনের দাবি, ঘটনার দিন তিনি উপর সিলট গ্রামের লুৎফর রহমানের সঙ্গে বগুড়া ও শেরপুরে স্কুলের কম্পিউটার ও প্রিন্টার মেরামতসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। এ-সংক্রান্ত কাজের প্রমাণ হিসেবে সততা অফসেট প্রেস ও সৈনিক পেপার অ্যান্ড স্টেশনারিজের ২৭২০০৮ নম্বর মেমো, ২ নভেম্বর ২০২৬ তারিখের একটি কাগজ রয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, সারাদিন বগুড়া ও শেরপুরে অবস্থান করার পর বিকেল সাড়ে ৪টার দিকে রানীরহাটে আসেন।

এ বিষয়ে রানীরহাটের স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে লুৎফর ও মমিন তাঁর দোকানে এসে মালামাল রেখে হাটের ভেতরে যান। বাজার শেষে তাঁরা মালামাল নিয়ে চলে যান।

লুৎফর রহমানও দাবি করেন, তিনি ও মমিন সারাদিন বগুড়া ও শেরপুরে ছিলেন। ফলে ওই সময়ে মানিকচাপড় গ্রামে গিয়ে কাউকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করেন তিনি।

অন্যদিকে, মামলার ৩ নম্বর আসামি চেন্টু মিয়া ঘটনার দিন ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে মকবুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, পাঁচজন তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে হুমকি দিয়েছেন।

তবে প্রতিবেদকের পক্ষ থেকে ঘটনার সময় ও অভিযুক্তদের অবস্থানসংক্রান্ত তথ্য-প্রমাণের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

মকবুল হোসেনের প্রতিবেশী মৃত নজরুল ইসলামের স্ত্রী বলেন, “সেদিন এখানে কোনো ঘটনা ঘটেনি। আমার বাড়ির পাশেই তাঁদের বাড়ি। এতগুলো মানুষ এলে আমি অবশ্যই দেখতে পেতাম।”

স্থানীয়দের বক্তব্য ও অভিযুক্তদের দেওয়া তথ্যের মধ্যে ভিন্নতা থাকায় মামলায় উল্লিখিত ঘটনার প্রকৃত সত্যতা নিরূপণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আদালতে দায়ের করা মামলার অভিযোগ এবং অভিযুক্তদের পাল্টা দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হতে পারে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর