সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বগুড়ার মোকামতলায় পৌরসভা ও থানা অনুমোদন, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বগুড়ার মোকামতলাকে নতুন পৌরসভা ও থানা হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। এর আগে এলাকাটিকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সোমবার (১৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ খবর এলাকায় পৌঁছানোর পর দিনভর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, নিকারের বৈঠকে অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশে রাস্তায় নেমে আসেন। বিকেলে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মিছিল শেষে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আতশবাজি পোড়ানো হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক বলেন, নতুন উপজেলা ঘোষণার পর পৌরসভা ও থানার অনুমোদন এই জনপদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে। দ্রুত নতুন পৌরসভা ও থানার কার্যক্রম শুরু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার, রুহুল আমিন ফটু ও আব্দুস সালাম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর