সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মুখের কথায় আর আশ্বস্ত নন চা শ্রমিকরা, প্রার্থীদের কাছে লিখিত অঙ্গীকারের দাবি

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চা বাগানের অলিগলি, শ্রমিকদের ঘরবাড়ি থেকে শুরু করে হাটবাজার—সবখানেই এখন নির্বাচনী আলোচনা। কোথাও প্রার্থীরা দলবল নিয়ে ভোট চাইছেন, কোথাও সমর্থকেরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে দেশের চা বাগানগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে এবারের নির্বাচনে শ্রমিকদের চাওয়া আগের চেয়ে কিছুটা ভিন্ন। মুখের কথায় আর আশ্বস্ত হতে চান না তাঁরা। নির্বাচিত হলে শ্রমিকদের জন্য কী করবেন, তা লিখিতভাবে জানাতে হবে প্রার্থীদের।

আগামী ২৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন। পাঁচ জেলার সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনী প্রচারণা জমে উঠলেও এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি। এ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের স্পষ্ট দাবি, ভোটের আগে প্রতিটি প্যানেলকে লিখিত ইশতেহার প্রকাশ করতে হবে। সেখানে ন্যায্য মজুরি, ভূমির অধিকার, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে হবে।

শ্রমিকদের ভাষ্য, বছরের পর বছর ধরে একই সমস্যার কথা শুনে আসছেন তাঁরা। নির্বাচনের সময় প্রার্থীরা নানা আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পর অনেক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না। তাই এবার শুধু বক্তব্য কিংবা প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন তাঁরা। কে কী করতে চান, কীভাবে করবেন এবং শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তাঁদের পরিকল্পনা কী, তা লিখিতভাবে দেখতে চান। ইশতেহার যাচাই করেই নেতৃত্ব নির্বাচন করতে আগ্রহী সাধারণ ভোটাররা।

চা শ্রমিকদের দীর্ঘদিনের অন্যতম দাবি ন্যায্য মজুরি। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে এই মজুরির সামঞ্জস্য নেই বলে অভিযোগ তাঁদের। পাশাপাশি বাগানের জমিতে বসবাস করলেও ভূমির মালিকানা না পাওয়া, জরাজীর্ণ বাসস্থান, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা না থাকাও তাঁদের দীর্ঘদিনের সংকট।

স্থায়ী চা শ্রমিক নেতা সরজিৎ পাসি বলেন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ তাঁদের জীবনমানের তেমন উন্নতি হয়নি। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে সংসার চালানো অত্যন্ত কঠিন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম, তাতে এই মজুরিতে দুই বেলা ডাল-ভাতের ব্যবস্থা করাও কষ্টকর। ন্যায্য মজুরির পাশাপাশি ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসাসেবা থেকেও তাঁরা বঞ্চিত।

নারী চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার বলেন, চা শ্রমিকদের সমস্যা শুধু কম মজুরিতে সীমাবদ্ধ নয়। তাঁদের মৌলিক অধিকার নিয়েও দীর্ঘদিনের সংকট রয়েছে। এখনো শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। অনেক বাগানে হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নেই। ফলে অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসা পেতে শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। নতুন নেতৃত্বের কাছে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান চান তাঁরা।

হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য ও শ্রমিক নেতা সাইমন বলেন, এবারের নির্বাচন নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভোটাররা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। তাঁরা প্রার্থীদের যোগ্যতা, অতীত কর্মকাণ্ড এবং শ্রমিকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে নেতৃত্ব নির্বাচন করতে চান। এ কারণেই লিখিত নির্বাচনী ইশতেহারের দাবি উঠেছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু গোয়ালা। তিনি ‘কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। দীর্ঘদিন সিলেট ভ্যালির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে। বাস্তবায়ন করা সম্ভব নয়, এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না তাঁরা। প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে না পারা অত্যন্ত লজ্জাজনক। তাই শ্রমিকদের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত ইশতেহার প্রকাশের চেষ্টা করছেন তাঁরা।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। তিনি বলেন, শ্রমিকদের পাশে থেকে তাঁদের দাবি-দাওয়া আদায়ে কাজ করে আসছেন। নির্বাচনী ইশতেহার তৈরির কাজও এগিয়ে চলছে। দ্রুত তা প্রকাশ করা হবে।

প্রচারণায় প্রার্থীরা ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিকদের আবাসন, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে শ্রমিকদের প্রত্যাশা, এসব প্রতিশ্রুতি যেন শুধু নির্বাচনী বক্তব্যে সীমাবদ্ধ না থাকে। নির্বাচিত হওয়ার পর সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

চা শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজার জেলার বিভিন্ন বাগানেও চলছে জোর প্রচার-প্রচারণা। প্রার্থীরা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন নানা আশ্বাস। তবে সাধারণ শ্রমিকদের বক্তব্যে এবার একটি বিষয়ই বেশি গুরুত্ব পাচ্ছে, আর তা হলো লিখিত অঙ্গীকার।

শ্রমিকদের অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে তাঁরা অবহেলা ও বঞ্চনার শিকার। প্রতিবার নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তাঁদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। এবার আর শুধু কথায় বিশ্বাস করতে চান না। নির্বাচিত হলে মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, উন্নত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা লিখিতভাবে দেখতে চান তাঁরা।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন বলেন, আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং গত রোববার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। দেশের ১৫৮টি চা বাগানসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রম চলছে।

তিনি জানান, নির্বাচনে পাঁচ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন চা শ্রমিকদের কাছে শুধু প্রতিনিধি নির্বাচনের বিষয় নয়, বরং দীর্ঘদিনের দাবি-দাওয়া আদায়ের প্রত্যাশার সঙ্গেও জড়িত। তাই এবারের নির্বাচনে কে কত বেশি প্রতিশ্রুতি দিচ্ছেন, তার চেয়ে কে শ্রমিকদের বাস্তব সমস্যাগুলো বুঝছেন এবং সেগুলো সমাধানে কী লিখিত পরিকল্পনা দিচ্ছেন, সেটিই হয়ে উঠছে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ। শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনের পর যেন ইশতেহার কেবল কাগজে-কলমে পড়ে না থাকে, বরং বাস্তবায়নের মাধ্যমে তাঁদের জীবনমানের পরিবর্তন ঘটে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর