মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লেবু শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া শ্রীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লেবু শিকদার ওই এলাকার সোনাই শিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, লেবু শিকদারকে পানিতে ডুবে যেতে দেখে স্থানীয় এক নারী তাঁর বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্যরা জলাশয় থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, লেবু শিকদার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুই দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাড়িতে ফিরে সোমবার দুপুরে পাশের জলাশয়ে হাত দিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোক করে তিনি পানিতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।
এই বাংলা/এমএস