ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা সমিতির সভাপতি মো. ইসতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত ও সিনিয়র সহসভাপতি গাজী শহীদুল ইসলাম শাহীন।
বক্তারা বলেন, আগের মতো বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ চালু রাখতে হবে। অন্যথায় সারা দেশের ওষুধের দোকান বন্ধসহ কেন্দ্রীয় নেতাদের ঘোষিত লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তাঁরা আরও বলেন, সমিতির মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হলে প্রকৃত ওষুধ ব্যবসায়ীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং ভোক্তাদের যথাযথ সেবা দিতে পারবেন। এ প্রক্রিয়া বন্ধ হলে ফার্মাসিস্টদের মূল্যায়ন কমে যাবে এবং ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বক্তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সারা দেশে আট লক্ষাধিক কেমিস্ট ও ফার্মেসি মালিককে নিয়ে একযোগে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এই বাংলা/এমএস