বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় রাজনগরে ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা ৪৫৮ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দবাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হলেও তখন চালককে পাওয়া যায়নি। পরদিন সকালে ট্রাকটি নিতে ঘটনাস্থলে এলে চালক কামাল উদ্দিনকে (৩৮) আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে গোবিন্দবাটি এলাকার হাজী মোবারক ফিলিং স্টেশনের সামনে চালকবিহীন অবস্থায় ট্রাকটি দেখতে পান পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই ফরহাদ মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান এবং ট্রাকটির বিষয়ে খোঁজখবর নেন। সন্দেহজনক মনে হওয়ায় ট্রাকটি রাতভর পুলিশি পাহারায় রাখা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ট্রাকটি নিতে ঘটনাস্থলে উপস্থিত হন চালক কামাল উদ্দিন। এ সময় পুলিশ তাঁকে আটক করে। পরে ট্রাকে থাকা ৫০ কেজি ওজনের ৪৫৮ বস্তা সারসহ তাঁকে থানায় নেওয়া হয়।

আটক কামাল উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার শেওড়া মুন্সিবাড়ি এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। ট্রাকটির মালিক শামীম মিয়া। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৩৮।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ট্রাকটিতে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার রয়েছে। এসব সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর