জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের পরিমাণ ১ হাজার ৮৫ বোতল, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে মাটির গর্তে পরিত্যক্ত অবস্থায় রাখা ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা মদের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস