নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, টায়ারে আগুন এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টার পর জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সকাল থেকে লকডাউনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। স্বাভাবিক রয়েছে যান চলাচল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামে দুই যুবককে ঘটনাস্থল থেকে আটক করেন স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার এবং সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এই বাংলা/এমএস