নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‘ডিমলার কৃষি, বৈচিত্র্যময় কৃষি’ স্লোগান সামনে রেখে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আ.ন.ম. শিবলী সাদিক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মো. রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান ও উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।
বিতরণ অনুষ্ঠানে রবি মৌসুমে তেলজাতীয় ফসলের আবাদ বাড়ানো এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারি প্রণোদনার উপকরণ সঠিকভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। সময়মতো বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা।
এ সময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস