খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা পর্যটকবাহী দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মাস্টারের দোকানসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আগুনে পিকআপ দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক সড়কে পর্যটক পরিবহনে ব্যবহৃত চারটি পিকআপ নিয়মিত মাস্টারের দোকানের সামনে পার্কিং করে রাখা হতো। বুধবার রাতেও গাড়ি চারটি সেখানে রাখা ছিল। গভীর রাতে একদল দুর্বৃত্ত এসে এর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সংস্থাটির স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা পিকআপ দুটিতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই বাংলা/এমএস