২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে মামলা, গ্রেপ্তার, আটক, হামলা, পিটুনিতে হত্যা এবং চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের শিকার হয়েছেন অন্তত ১১১ জন। দেশের ৩৮টি জেলায় ৮৬টি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য পেয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। ভুক্তভোগীদের মধ্যে ২৫ জন সাংবাদিক এবং ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থী রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এইচআরএসএসের ‘মতপ্রকাশের স্বাধীনতা ২০২৬: মামলা, হামলা ও গ্রেপ্তারের প্রবণতা ও মানবাধিকার বিশ্লেষণ (জানুয়ারি–অক্টোবর ২০২৬)’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতীয় ও স্থানীয় গণমাধ্যম এবং মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১১১ জন ভুক্তভোগীর মধ্যে ১০০ জন পুরুষ (৯০ দশমিক ১ শতাংশ) এবং ১১ জন নারী (৯ দশমিক ৯ শতাংশ)। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভুক্তভোগী ভোলায় ১৫ জন, ঢাকায় ১৪ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ৮ জন করে এবং বগুড়ায় ৬ জন। শীর্ষ পাঁচ জেলায় মোট ভুক্তভোগীর ৪৫ দশমিক ৯ শতাংশ নথিভুক্ত হয়েছেন।
আইনি হয়রানি ও গ্রেপ্তার
মতপ্রকাশের কারণে আইনি হয়রানি ও গ্রেপ্তারকে অন্যতম প্রধান প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে এইচআরএসএস। প্রতিবেদনে ভুক্তভোগীদের বিরুদ্ধে বিভিন্ন আইনের মোট ৬৬টি প্রয়োগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা আইন, অধ্যাদেশ ও অন্যান্য সাইবার আইনের প্রয়োগ ৩৬টি (৫৪ দশমিক ৫ শতাংশ), দণ্ডবিধি ও মানহানিসংক্রান্ত অভিযোগ ১৩টি (১৯ দশমিক ৭ শতাংশ) এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ ১০টি (১৫ দশমিক ২ শতাংশ)। এ ছাড়া ১১ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে দেখা যায়, ১০০ জন পুরুষ ভুক্তভোগীর মধ্যে ৬৩ জন এবং ১১ জন নারী ভুক্তভোগীর মধ্যে তিনজন গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার শিকার হয়েছেন। অর্থাৎ, মোট ৬৬ জনকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ১৯ জন পুরুষকে মামলা ছাড়াই আটক বা গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মামলা ছাড়াই আটকের এ প্রবণতা ব্যক্তিস্বাধীনতা, যথাযথ আইনি প্রক্রিয়া ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তৈরি করে।
মতপ্রকাশের কারণে শারীরিক সহিংসতার ঘটনাও উঠে এসেছে প্রতিবেদনে। অন্তত চারজন মারধরের শিকার হয়েছেন এবং দুজন পিটুনিতে নিহত হয়েছেন। উভয় হত্যাকাণ্ডই অরাষ্ট্রীয় ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত হয়েছে। এ ছাড়া আটজনকে চাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্যে বেশি হয়রানি
প্রতিবেদনে রাজনৈতিক নেতৃত্ব, সরকার ও ক্ষমতাসীন ব্যক্তিদের সমালোচনাকে মতপ্রকাশের কারণে নিপীড়নের অন্যতম প্রধান উপলক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী, তাঁর পরিবার, সরকার ও বিএনপি নেতাদের সমালোচনার কারণে মোট ৬২ জন (৫৫ দশমিক ৯ শতাংশ) ভুক্তভোগী হয়েছেন।
এর মধ্যে প্রধানমন্ত্রীর সমালোচনার কারণে ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ধর্মীয় বিষয় ও ধর্মীয় ব্যক্তিত্বকে কেন্দ্র করে বক্তব্য বা সমালোচনার কারণে ২৩ জন (২০ দশমিক ৭ শতাংশ), জুলাই গণঅভ্যুত্থানের সমালোচনার কারণে ১০ জন (৯ শতাংশ), সংবাদ প্রকাশের কারণে সাতজন (৬ দশমিক ৩ শতাংশ) এবং বিএনপি নেতার মানহানির অভিযোগে আরও সাতজন (৬ দশমিক ৩ শতাংশ) লক্ষ্যবস্তু হয়েছেন।
এইচআরএসএসের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল বিষয়ে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে আইনি ও সামাজিক চাপের ঝুঁকি রয়েছে।
সাইবার ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন শিক্ষার্থী
ভুক্তভোগীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, বয়স জানা ৭১ জনের মধ্যে ৫০ জনের (৭০ দশমিক ৪ শতাংশ) বয়স ৩৫ বছর বা তার কম। তাঁদের মধ্যে ২৫ বছর বা তার কম বয়সী ২৪ জন। বিশেষ উদ্বেগের বিষয়, ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে অভিযুক্ত হয়েছেন। তাঁদের দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, ১১ জন নারী ভুক্তভোগীর মধ্যে সাতজনই জুলাই আন্দোলনের সমালোচনার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের করা জিডির আসামি হয়েছেন। তবে তাঁদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
২৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার চার
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও আইনি হয়রানির ঘটনাকেও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। পেশাগত পরিচয় জানা ৮৪ জন ভুক্তভোগীর মধ্যে ২৫ জন সাংবাদিক, যা মোটের ২৯ দশমিক ৮ শতাংশ।
এই ২৫ সাংবাদিকের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে মামলা এবং দুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে এবং পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা করা হয়েছে। এ ছাড়া চারজন সাংবাদিক গ্রেপ্তারের শিকার হয়েছেন।
সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। তাঁদের করা মামলার শিকার হয়েছেন ১৪ জন সাংবাদিক। ভোলা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন জেলায় ১৯ জন সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতা, সমালোচনামূলক সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে তথ্য প্রকাশের ক্ষেত্রে ভীতিকর পরিবেশ তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে।
মামলা ও জিডির বাদীদের বড় অংশ বিএনপি-সংশ্লিষ্ট
রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া ২০ জন ভুক্তভোগীর মধ্যে জামায়াতে ইসলামীর পাঁচজন, বিএনপি ও ছাত্রদলের চারজন, এনসিপির চারজন, আওয়ামী লীগের তিনজন, ছাত্রলীগের তিনজন এবং এনডিবির একজন রয়েছেন।
অন্যদিকে, মামলা ও জিডির বাদীর পরিচয় পাওয়া ৬০টি ঘটনার মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ২৩টিতে (৩৮ দশমিক ৩ শতাংশ)। পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে ১৫টিতে (২৫ শতাংশ), রাষ্ট্র সংলাপ ফোরামের আটটিতে (১৩ দশমিক ৩ শতাংশ) এবং ধর্মীয় সংগঠন বা ব্যক্তিদের তিনটিতে (৫ শতাংশ)।
প্রতিবেদনে বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার ঝুঁকি শুধু রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ অন্যান্য অরাষ্ট্রীয় পক্ষের কর্মকাণ্ডও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ঘটনা
মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে সর্বোচ্চ ২২টি (১৯ দশমিক ৮ শতাংশ) ঘটনা নথিভুক্ত হয়েছে। এপ্রিলে ১৮টি (১৬ দশমিক ২ শতাংশ), জুনে ১৩টি (১১ দশমিক ৭ শতাংশ) এবং অক্টোবরে ১২টি (১০ দশমিক ৮ শতাংশ) ঘটনা ঘটেছে। বিপরীতে ফেব্রুয়ারিতে সবচেয়ে কম দুটি ঘটনা পাওয়া গেছে।
প্রতিবেদনের সামগ্রিক বিশ্লেষণে এইচআরএসএস বলেছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রাজনৈতিক, আইনি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন চাপের মুখে ছিল। বিশেষ করে সাইবার আইনের ব্যাপক প্রয়োগ, সমালোচনামূলক বক্তব্যের কারণে গ্রেপ্তার, মামলা ছাড়া আটক, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শিশু-কিশোরদের আইনি প্রক্রিয়ায় জড়ানো এবং অরাষ্ট্রীয় পক্ষের হামলা ও পিটুনিতে হত্যার ঘটনা মৌলিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে ঘাটতির ইঙ্গিত দেয়।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আইন প্রয়োগের ক্ষেত্রে বৈধতা, প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার নীতি অনুসরণের সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে সমালোচনা ও অপরাধের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখা, অযৌক্তিক গ্রেপ্তার ও মামলা বন্ধ করা, সাংবাদিক ও শিশু-কিশোরদের বিশেষ সুরক্ষা নিশ্চিত করা এবং মতপ্রকাশের কারণে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
এইচআরএসএসের ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা কোনো সরকারের অনুগ্রহ নয়; এটি নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রের মানবাধিকারগত দায়িত্ব।
এই বাংলা/এমএস