ফরিদপুরের নগরকান্দায় সরকারি হালটের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত মোল্লার ভাই লিয়াকত মোল্লার বিরুদ্ধে। উপজেলার জয়বাংলা বিশ্বরোডের পাশে সরকারি ওই জায়গায় বালু ও মাটি ভরাট করে দ্রুতগতিতে নির্মাণকাজ চালাচ্ছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, সরকারি হালট দখল করে স্থাপনা নির্মাণ করা হলে জনসাধারণের চলাচল ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
অভিযুক্ত লিয়াকত মোল্লা (পিতা: মৃত আজিজ মোল্লা), কানফরদী গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘সরকারি হালটের পাশে আমার জায়গা। তাই আমি হালটে দোকানঘর উঠাইতেছি। সরকার যখন বাধা দেবে, তখন ভেঙে নিয়ে যাব।’
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান বলেন, ‘সরকারি হালট দখল করে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না। হালট দখলের বিষয়ে অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হবে।’
সরকারি হালট ও খাসজমি রক্ষায় প্রশাসনের বক্তব্যের দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। তাঁরা নির্মাণকাজের বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস