সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় উপেক্ষা করার কারণেই দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।
গোপালগঞ্জসহ কয়েকটি জেলার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের সময়ে এসব ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
প্রতিবেশী দেশ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ প্রথম অপরাধ করেছে। এখন তারা ওই আসামিকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর কথা বলছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ ও মাদারীপুর যে বাংলাদেশেরই অংশ, সেটিও যেন মনে হচ্ছে না।
প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা এখনো অবস্থান করছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর কখনো জায়গা দেওয়া হবে না।
এই বাংলা/এমএস