রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রমের আহ্বান মৌলভীবাজার ডিসির

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সপ্তাহের প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কার্যক্রম সফল করতে সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর