শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সিংড়ায় বিনামূল্যে ইএনটি চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পুন্ডুরী ‘চেঞ্জ ফাউন্ডেশন’ ও ‘সাহিক’-এর যৌথ উদ্যোগে প্রায় ২ হাজার রোগীকে নাক, কান ও গলা (ইএনটি) রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামে চেঞ্জ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পে আশপাশের প্রায় ১৪টি গ্রামের রোগীরা এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মো. জুয়েল হোসেন জানান, স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নাক, কান ও গলাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০১১ সাল থেকে চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর